নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাতেও বহাল থাকছে সতর্কতা সংকেত। দেশের চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক এসব তথ্য জানান।

আবহাওয়ার পূর্বাভাস বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরপূর্ব বঙ্গোপসাগরে ও এর আশপাশে সৃষ্ট লঘুচাপটি আরো ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হয়ে সমুদ্রবন্দর উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে রাতেও বহাল থাকলে সতর্কতা সংকেত।

পড়তে পারেন: ডিমের হালিতে ৫, ব্রয়লারের কেজিতে কমলো ১০ টাকা

আবহাওয়ার পূর্বাভাসে, এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

অন্যদিকে গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর গত ২৪ ঘন্টায় ডিমলায় সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও শ্রীমঙ্গলে ২০ মিলিমিটার ও চাঁদপুরে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় কুমিল্লায় ও ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

পড়তে পারেন: কবে নাগাদ বৃষ্টি জানালো আবহাওয়া দপ্তর

পূর্বাভাসে বলা হয়, গতকাল সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার কুতুবদিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এতে আরও বলা হয়, ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ২৯ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৩৫ মিনিটে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ