ঝড় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: আজ রাতে দেশের একাধিক স্থানে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারারাত থেমে থেমে এ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

আজ বৃহস্পতিবার (৫ আগষ্ট) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য উঠেছে এসছে এতে বলা হয়েছে, রাত ৮টা থেকে ইতিমধ্যে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। এ বৃষ্টি সারারাত থেমে থেমে চলতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিলো ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে ৫৭ মি.মি.।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

রাতে দেশের একাধিক স্থানে বজ্রসহ বৃষ্টি শিরোনামের সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। সারাদেশের আবহাওয়ার সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।