অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সিরিয়ার মালিকানাধীন একটি জাহাজ লেবাননের ত্রিপলি বন্দরে প্রায় ১০ হাজার টন শস্য নিয়ে ভিড়েছে। জাহাজটিতে রয়েছে ৮ হাজার টন গম এবং ১ হাজার ৭০০ টন বার্লি। এ শস্য বিষয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স।

লেবাননে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বৃহস্পতিবার দাবি করেন, ইউক্রেন থেকে এসব শস্য চুরি করে লেবাননে নিয়ে আসা হয়েছে। তবে তুরস্ক ভিত্তিক একটি বাণিজ্য প্রতিষ্ঠান জানিয়েছে, ইউক্রেন থেকে এসব শস্য চুরি করা হয়নি। এগুলো রাশিয়ায় উৎপাদিত গম ও বার্লি।

পড়তে পারেন: ১ কোটি ১৫ লাখ টন গম আমদানি করবে ইন্দোনেশিয়া

এসব শস্য লেবাননে রপ্তানি করা তুরস্কের প্রতিষ্ঠান লয়্যাল এগ্রো কোম্পানি লিমিটেডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, জাহাজে থাকা ৫ হাজার টন গম লেবাননের একটি বেসরকারি প্রতিষ্ঠানের অর্ডারের পর তারা এনেছেন। লেবাননের সরকার এগুলোর ক্রেতা না।

লেবাননে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত দাবি করেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা একটি জাহাজে করে শস্যগুলো লেবাননে নিয়ে আসা হয়েছে।

এদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ হাবিব জানিয়েছেন, ত্রিপোলি বন্দরের কাস্টমস কর্মকর্তারা এখনো জাহাজটিতে থাকা পণ্য খালাসের অনুমতি দেননি। কারণ ইউক্রেন চুরির যে অভিযোগ এনেছে সেটি তারা তদন্ত করে দেখছেন।

পড়তে পারেন: চলতি মাসে ২০ লাখ টন গম রফতানির সম্ভাবনা রাশিয়ার

লেবাননের একজন কাস্টমস কর্মকর্তা বলেছেন, এ জাহাজটির মূল গন্তব্য ছিল সিরিয়া। কিন্তু লেবাননে সাম্প্রতিক সময়ে গম ও গম উৎপাদিত পণ্যের অভাব দেখা দেওয়ায় লেবাননে ৫ হাজার টন গম খালাস করার জন্য জাহাজটি ত্রিপোলি বন্দরে এসেছে। বাকি পণ্য সিরিয়ায় খালাস করা হবে।

এদিকে লেবানন তাদের চাহিদার প্রায় সব গম ইউক্রেন থেকে আমদানী করত। কিন্তু রাশিয়া দেশটিতে হামলা করায় তাদের দেশে গমের সংকট পড়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ