
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর বাজারে গত দুই সপ্তাহ আগেও লেবু বিক্রি হয়েছে ১০ থেকে ১২ টাকা হালি। বর্তমানে লেবুর আমদানি বাড়ায় অস্বাভাবিক দরপতন হয়েছে। প্রতি হালিতে কমেছে ৬ থেকে ৮ টাকা। রাজশাহীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মানভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ টাকা হালি।
আজ বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে রাজশাহীর উপশহর নিউমার্কেট, সাহেববাজার মাস্টারপাড়া সবজি বাজার, লক্ষীপুর কাঁচাবাজারসহ বিভিন্ন ঘুরে এসব তথ্য জানা গেছে।
ক্রেতা-বিক্রেতারা বলছেন, গরমে শরবত এবং অন্যান্য প্রয়োজন থাকার কারণে লেবুর চাহিদা রয়েছে। তবে, আমদানি অতিরিক্ত হওয়ার কারণে দাম কমেছে। ভোক্তারা বলছেন, বাজারে কোন জিনিসে শান্তি নেই। তবে লেবুর দামটা অনেক কম। আকারে ছোট লেবুর হালি ৩ টাকাও বিক্রি হয়েছে।
পড়তে পারেন: দুই কেজি আলুর দামে এক হালি লেবু!
লেবু বিক্রেতা হাসান আলী জানান, সবসময় দাম চাইলে হয়না। রোজার মধ্যে ৩০ থেকে ৪০ টাকা হালি বিক্রি করেছি। এখনও সেই দাম চাইলে তো আর জনগণ খাবে না। বাজারে সবজির দামও কিছুটা কমেছে। ৫০ টাকার সবজি ৩০ টাকা। লেবুর দাম কমার একমাত্র কারণ হলো আমদানি বেশি। আগে আমদানি কম হতো দাম বেশি পাওয়া গেছে। এখন সেটা আর হচ্ছে না।
মাস্টারপাড়া কাঁচাবাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, সারাবছরই ভালো দামে সবজি বিক্রি হয়েছে। বছরজুড়ে বেশিরভাগ সময়ই ৫০ টাকা কেজি সবজি বিক্রি করেছি। লেবুর দামও ভালো ছিলো। কিন্তু এখন দাম কমেছে। বাজারে দেশি জাতের লেবু নেই চায়না জাতের লেবুতে ভরপুর। এসব লেবু বর্তমানে মানুষ কিনছেও বেশি।
পড়তে পারেন: এক লাফে লেবুর হালি দ্বিগুণ
রাজশাহীর এক লেবুচাষি জানান, বাগানে ৫০০ টাকা হাজার কিনতে চাচ্ছেন না। এক টাকা পিস লেবু এটা আসলেই অনেক কম দাম। সারাবছর চাষির তুলনায় ফড়িয়াদের লাভ বেশি। কারণ এখন পর্যন্ত চাষিরা সরাসরি নিজে বাজার ব্যবস্থার সাথে তাল মিলাতে পারেন না।
এগ্রিকেয়ার/এমএইচ
























