
সিকৃবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: `ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এ শ্লোগান সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮-২০১৯।
সপ্তাহব্যাপি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। সঞ্চালনায় ছিলেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ছানোয়ার হোসেন মিঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্রীড়া প্রতিযোগিতা উপকমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আবুল কাশেম, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা।
ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন এই ৩ ক্যাটাগরিতে ৬টি অনুষদের ছেলে ও মেয়ে উভয়েরই বিভিন্ন টিম রয়েছে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বেলা ৩টায় ভলিবল বলে সার্ভ করে মূল আয়োজন শুরু করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। এ সময়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা জীবনের শ্রেষ্ঠ সময় কাটায়। এই সময়ে নিজেকে চৌকশ ও যোগ্য করা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব ও কর্তব্য।
খেলায় প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদ ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের পুরুষ ভলিবল দল।
এদিকে আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা টুর্নামেন্ট উপলক্ষ্যে সিকৃবিতে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রথমদিনই দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী।
























