
সিকৃবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদে সমুদ্রবিজ্ঞান বিষয়ক পোস্টার প্রদর্শনী ও শিক্ষার্থীদের বৈজ্ঞানিক সভা ‘ইয়ং ওশানোগ্রাফারস ডে’অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ নভেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের আয়োজনে সকাল দশটায় মাৎস্যবিজ্ঞান অনুষীয় ভবনে এ আয়োজন শুরু হয়।
মাৎস্যবিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের কোর্স সমাপনী হিসেবে পোস্টার প্রদর্শনি আয়োজন করে বিভাগটি।
সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড মোহাম্মদ মাহমুদুল ইসলাম ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসাইনের তত্ত্বাবধানে ৫২ জন শিক্ষার্থী পোস্টার প্রদর্শনিতে অংশ নেন।
সামুদ্রিক সম্পদের টেকশই ব্যাবহার, বাংলাদেশের সামুদ্রিক সংরক্ষিত এলাকা, ইলিশ ফিশারি, এল নিনো, সমুদ্র অর্থনীতি, বৈশ্বিক উষ্ণায়ন, সমুদের জলবায়ু পরিবর্তন সহ সমুদ্রবিজ্ঞানের সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে মোট ৯ টি পোস্টার প্রদর্শিত হয়।
দিনব্যাপী চলে প্রদর্শিত পোস্টারগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ তরিকুল আলমের সভাপতিত্বে প্রদর্শনি ও পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা শাখার পরিচালক অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান খান।
প্রধান অতিধি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের নিয়ে এমন বৈজ্ঞানিক সভা ও পোস্টার প্রদর্শনি আয়োজন তাদের মেধা ও মননকে বিকশিত করবে। নোনাপানিতে কৃষিখাতকে উন্নত করতে যথেষ্ট গবেষণা প্রয়োজন। আগামীতে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীদের নিয়ে এমন সভা আয়োজন করা হবে।
অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান খান এমন সভা ও প্রদর্শনি আরো বেশি আয়োজনের উপর জোর দেন। এবং সভাপতি অধ্যাপক মোঃ তরিকুল আলম মাৎস্যবিজ্ঞান অনুষদের সকল বিভাগে এমন আয়োজন করবেন্ বলে আশ্বাস দেন।
























