
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের মালিকদের জন্য সরকারের ঘোষিত ২০ হাজার কোটি টাকার সিএমএসএমই (কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি) ঋণ প্রণোদনা প্যাকেজের সঠিক বাস্তবায়নের জন্য বিসিকের ৬৪ জেলায় কমিটি গঠন করা হয়েছে। এ ঋণ বিতরণ কমিটির আহ্বায়ক সারাদেশের জেলা প্রশাসক।
গতকাল ১০ মার্চ ২০২১ বিসিকের আঞ্চলিক পরিচালকগন ও জেলা এসএমই ঋণ বিতরন মনিটরিং কমিটির সদস্য সচিবদের নিয়ে “সিএমএসএমই ঋণ প্রণোদনা প্যাকেজ ও বিসিকের অন্যান্য ঋণ কার্যক্রম বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঋণ বিতরণ কমিটির আহ্বায়ক সারাদেশের জেলা প্রশাসক। কোভিড-১৯ সময়ে ক্ষতিগ্রস্থ শিল্প প্রতিষ্ঠানের মালিক/উদ্যোক্তাদের মধ্যে প্রণোদনা ঋণ বিতরণ মনিটরিং কমিটির সুপারিশের আলোকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে উক্ত প্রণোদনা ঋণ বিতরণ করার সরকারি নির্দেশনা রয়েছে। কমিটির সদস্য-সচিব বিসিকের জেলা কার্যালয়ের জেলা প্রধানগণ যাতে সক্ষমতার সাথে এই গুরু দায়িত্ব পালন করতে পারেন সে কারণেই এই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ” এসএমই খাত উজ্জিবন সংক্রান্ত কমিটির ” ৭ম সভার সিদ্ধান্তের আলোকে বিসিকের ঋণ প্রশাসন শাখার চাহিদা মোতাবেক প্রশিক্ষণ শাখার মাধ্যমে জুম অনলাইনে ৬৭ জন কর্মকর্তার মধ্যে বর্ণিত প্রশিক্ষণটি প্রদান করা হয়েছে।
বিসিকের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব জনাব মোঃ মোশ্তাক হাসান, এনডিসি; শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ হেলাল উদ্দিন, এনডিসি; বিসিকের পরিচালক (অর্থ) জনাব স্বপন কুমার ঘোষ; পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ড. গোলাম মোঃ ফারুক, বিপণন বিভাগের মহাব্যবস্থাপক জনাব অখিল রঞ্জন তরফদার; নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) জনাব জি এম রব্বানী তালুকদার প্রমুখ প্রশিক্ষণ কোর্সে মূল্যবান বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেছেন।
কোর্স পরিচালক জনাব লায়লা জেস্মিন,ব্যবস্থাপক, প্রশিক্ষণ শাখার সুব্যবস্থাপনায় ও কোর্স সমন্বয়ক জনাব পুলক কুমার দেব এর সুসমন্বয়ে এবং সংশ্লিষ্টদের সহযোগিতায় কোর্সটি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণোত্তর বিসিকের জেলা প্রধানগণ সক্ষমতার সাথে সরকারের প্রণোদনা ঋণ প্যাকেজের সঠিক বাস্তবায়ন করতে পারবেন বলে আশা করা যায়।
২০ হাজার কোটি টাকা প্রণোদনা ঋণ বিতরণে ৬৪ জেলায় কমিটি গঠন বিষয়ে এগ্রিকেয়ার২৪.কমকে তথ্য নিশ্চিত করেছেন বিসিকের জনসংযোগ কর্মকর্তা মোঃ আব্দুল বারিক।
এগ্রিকেয়ার/এমএইচ
























