
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার৪.কম: দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে দেশের তিন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ বুধবার (১৯ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
এদিন সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, দেশের যশোর, খুলনা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাত ১টা পর্যন্ত এসব এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে। এই বায়ু বাংলাদেশের বাকি এলাকা থেকে বিদায় নেওয়ার আবহাওয়ার অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: রঙিন তরমুজ চাষে কৃষকের মুখ রঙিন
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন: লেয়ারে ৬০ লাখ টাকা বিনিয়োগে হতাশ প্রবাস ফেরত মালেক
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.। আগামী দু’দিন লঘুচাপটি ঘণীভূত হতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুঁলিয়ায় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মংলায় ২০ মিলিমিটার। ৮ অঞ্চলের নদী বন্দরে সতর্ক সংকেত, তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস শিরোনামের সংবাদটির তথ্য আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।
























