
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ সন্ধ্যায় শেষ হবে ৯ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা। এক ছাদের নিচে দেশ-বিদেশের কৃষি শিল্প প্রতিষ্ঠানের তথ্য মিলছে এ মেলায়।
রাইস মিল, ফিড মিল, ফ্লাওয়ার মিল, অয়েল ও ডাল মিল, কোল্ড স্টোরেজ, সাইলো, ফুড প্রসেসিংসহ অন্যান্য কৃষি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে দিকনির্দেশনা, মূলধনের পরিমাণসহ নানা বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাইস মিল, ফিড মিল, ফ্লাওয়ার মিল, অয়েল ও ডাল মিল, কোল্ড স্টোরেজ, সাইলো, বেকারী আইটেম, ফুড প্রসেসিং ও প্যাকেজিং মেশিনারি, ইঙ্কজেট প্রিন্টার, বার কোড প্রযুক্তি, পানি পরিশোধন করণ প্রযুক্তি, পানির পাম্প, ল্যাব ইকুইপমেন্ট, ফিড ইগ্রিডিয়েট, ট্রাক্টর ও হারভেস্টরসহ কৃষি সংশ্লিষ্ট যন্ত্রাংশ, উপকরণসহ আধুনিক প্রযুক্তির সব তথ্য তুলে ধরা হচ্ছে।
ঢাকায় সর্ববৃহৎ কৃষি শিল্প প্রদর্শনী গত বৃহস্পতিবার শুরু হয়েছে। কৃষি সংশ্লিষ্ট বড় বড় শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করা যন্ত্রাংশ, উপকরণসহ বিভিন্ন পণ্য সামগ্রীর সমাহারে এ প্রদর্শনীটি এখন কৃষি শিল্প উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয়েছে।
রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় অনুষ্ঠিত হওয়া এ প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ প্রদর্শনীতে উদ্যোক্তারা দেশ বিদেশের আধুনিক ও উন্নত মানের কৃষি শিল্প প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার পাশাপাশি বিস্তারিত তথ্য পাবেন।
দেশ বিদেশের বিভিন্ন কৃষি শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন উদ্যোক্তারা। শিল্প কল কারখানা গড়ে তুলতে জানতে হবে তার প্রযুক্তি সম্পর্কে। আর সেই প্রযুক্তি সম্পর্কে পূর্ণ ধারণা মিলবে এ প্রদর্শনীতে।
আয়োজকেরা উল্লেখ করেন, দেশ বিদেশের উদ্যোক্তা, ব্যবসায়ীদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হবে প্রদর্শনীটির মাধ্যমে। পণ্যের মান, দাম ও গুণাগুন জানতে হলে একাধিক প্রতিষ্ঠানের যে সংশ্লিষ্টতা থাকতে হয় তারও অভাব মেটাবে এ প্রদর্শনী।
প্রদর্শনীর আয়োজনে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান LIMRA Trade Fairs & Exhibitions Pvt. Ltd. প্রতিদিন সকাল ১০টা থেকে সবার জন্যে উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।
সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষি শিল্পের উন্নয়নে এ প্রদর্শনী সব সময়ই বড় ভূমিকা রাখবে। আধুনিক ও উন্নত প্রযুক্তিতে ভরপুর এ প্রদর্শনীতে সবার অংশগ্রহণ করা উচিত।
প্রদর্শনীতে ভারত, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন এবং সুইজারল্যান্ডসহ কৃষি সংশ্লিষ্ট দেশীয় নামী-দামী কোম্পানী ও উদ্যোক্তা, গবেষক, প্রস্তুতকারক, আমদানিকারক, আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন ও সম্প্রসারণে যুক্ত থাকারা অংশ নিয়েছেন।
























