নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের উত্তরাঞ্চলে শীতের দাপট বাড়ছে, আসছে শৈত্যপ্রবাহ। ইতিমধ্যে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে তাপমাত্রা। আগামীকাল (বুধবার) থেকে আরও বেশি বাড়বে শীতের দাপট।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি, ২০২১) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সাধারণত ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা যখন চলে আসে তখন থেকে বলা হয় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এপ্রেক্ষিতে আমরা বলতে পারি তাপমাত্রা কমতে শুরু করেছে। কেননা গত কয়েকদিন তাপমাত্রা ১২ এর ওপরে ছিল।

বছরের প্রথম শৈত্যপ্রবাহটি প্রায় সপ্তাহখানেক থাকতে পারে। কোথাও কোথাও ৬ ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা আছে। শৈত্যপ্রবাহটি দেশের উত্তরাঞ্চলে শুরু হবে। এরপর ধীরে ধীরে দক্ষিণ অঞ্চলের দিকে বয়ে যাবে। তবে শীতের দাপট উত্তরেই বেশি দেখা দিবে বলে মনে করছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: জেনে নিন লেবু চাষের সঠিক পদ্ধতি

সিনপটিক অবস্থা: উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশে এলাকায় রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গপোসাগরে অবস্থান করছে। এ প্রেক্ষিতে মধ্যরাত থেকে কোথাও কোথাও ঘন কুয়াশা পরবে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি.মি.। আর বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৩ শতাংশ।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস: আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া আংশিক মেঘসহ প্রধানত শুষ্ক থাকবে। তবে নদী অববাহিকার এলাকাসহ দেশের ফাঁকা মাঠে দেখা যাবে ঘণ কুয়াশা। কোথাও তেমন কোন বৃষ্টির সম্ভাবনা নেই।