নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আসন্ন ঈদুল আজহার কোরবানির ঈদের পশুর চামড়া গতবারের চেয়ে কম দামে নিধারণ করা হয়েছে। প্রতিবছরই কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য দাম নির্ধারণ করে দেয় সরকার।ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধার্য করা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। সারা দেশে খাসির চামড়া ১৩ থেকে ১৫ টাকা এবং বকরির চামড়া ১০ থেকে ১২ টাকায় সংগ্রহ করবেন ব্যবসায়ীরা যা গত বছরের চেয়ে ২৯ শতাংশ কম।

আজ রোববার ২৬ জুলাই ২০২০ কোরবানির পশুর কাচা চামড়ার মূল্য নির্ধারণ বিষয়ে এক ভার্চুয়াল সভায় এসব বিষয়ে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী জানান, ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনবেন ৩৫ থেকে ৪০ টাকায়; ঢাকার বাইরে এর দাম হবে ২৮ থেকে ৩২ টাকা। সারা দেশে খাসির চামড়া ১৩ থেকে ১৫ টাকা এবং বকরির চামড়া ১০ থেকে ১২ টাকায় সংগ্রহ করবেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া ও চামড়াজাত পণ্যর চাহিদা এবং কোভিড-১৯ পরিস্থিতিতে চাহিদা কেমন হতে পারে, তার সঙ্গে বর্তমান মজুদ বিবেচনা করে এবারের দাম নির্ধারণ করা হয়েছে।

আরোও পড়ুন: কোরবানির পশুর হাটে থাকছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মনিটরিং টিম

বাণিজ্যমন্ত্রী আরোও জানান, যারা বিক্রি করবেন বা ক্রয় করবেন, সব কুল রক্ষা করে এ দাম নির্ধারণ করা হয়েছে। সাপ্লাই চেইনে যেন মূল্য পায়, সেজন্য এ দাম নির্ধারণ করা হয়েছে। গতবছর রপ্তানি কমে গেছে, কোভিড-১৯ সারা দেশে স্থবির করে দিয়েছে। সব বিষয় বিবেচনা করে এ দাম নির্ধারণ করা হয়েছে। কোরবানির চামড়া সংরক্ষণের জন্য শিল্প মন্ত্রণালয় পর্যাপ্ত লবণ সরবরাহের উদ্যোগ নিয়েছে। লবণ না লাগিয়ে চামড়া যেন ঢাকায় পাঠানো না হয়, সে ব্যাপারে প্রচার চালানো হয়েছে। ঢাকাসহ সারা দেশে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বছরে বাংলাদেশ থেকে মোটামুটি ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। এর মধ্যে ৬৪ দশমিক ৮৩ শতাংশ গরুর চামড়া, ৩১ দশমিক ৮২ শতাংশ ছাগলের, ২ দশমিক ২৫ শতাংশ মহিষের এবং ১ দশমিক ২ শতাংশ ভেড়ার চামড়া রয়েছে বলে জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ১ কোটির কিছু বেশি পশু কোরবানির জন্য সারাদেশে ব্যবহৃত হয়। এবার কোরবানির ঈদের জন্য সারা দেশে ১ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫০০টি পশু মজুদ রয়েছে। তবে এ বছর মহামারীর কারণে পশু জবাই গতবারের তুলনায় কম হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।