
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: প্রতিদিন বেলা ১১টার আগেই শহরের নির্দিষ্ট পয়েন্টে জড়ো হতে থাকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত দরিদ্র মানুষগুলো। তাদের হাতে তুলে দেওয়া হবে বিনামূল্যে মিষ্টি লাউ, করলা, বেগুন, ঢেড়শ, পটল, কাচা মরিচসহ হরেক রকমের শাক সবজি।
করোনাভাইরাস পরিস্থিতির এমন সংকট কালে এসব সবজি পেয়ে খুশি স্থানীয় অভাবী মানুষেরা। এভাবেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে জয়পুরহাট জেলা ছাত্রলীগ।
গতকাল রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন রোডের বিগ বাজারের সামনে বসা জেলা ছাত্র লীগের বিনা মূল্যের সবজি বাজারে সবজি সংগ্রহ করছেন তারা। ১৪ এপ্রিল থেকে প্রতিদিন গড়ে ৩ শতাধিক কর্মহীন মানুষের মাঝে অন্তত ২০-২২ মণ করে সবজি বিতরণ করছেন জেলা ছাত্রলীগ নেতারা।
ঘোষিত লকডাউনে আয় বন্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছেন উত্তরের সীমান্ত ঘেষা জয়পুরহাট জেলার দিনমজুর, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষরা। কর্মহীন এসব মানুষ সরকারী কিংবা বেসরকারী সংগঠনের পক্ষ থেকে কিছু চাল-ডাল পেলেও কাচা শাক সবজি থেকে বঞ্চিত হচ্ছিল। আর এমন সময়েই জয়পুরহাট জেলা ছাত্রলীগ এসব মানুষের মাঝে চাহিদা মোতাবেক বিনা মূল্যে সবজি তুলে দিচ্ছেন দিনের পর দিন।
সামাজিক দূরত্ব নিশ্চিত করে তারা একে একে চলে আসে ছাত্রলীগের দেয়া বিনা মূল্যের সবজি বাজারে। প্রথমে তাদের স্প্রে করে জীবাণু মুক্ত করা হয়। এরপর তাদের হাতে থাকা ব্যাগে তুলে দেয়া হয়
জয়পুরহাট শহরের স্থায়ী বাসিন্দা মর্জিনা, আলেয়া বেগম, আব্দুর রহমান, রফিকুল ইসলামসহ অনেকেই জানান, প্রতিদিন ছাত্রলীগের ভাইদের কাছ থেকে সবজি সংগ্রহ করি। এই অভাবের সময় তাদের কাছ থেকে সবজি পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে আছি।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বলেন, দেশে যতদিন করোনাভাইরাসের ভয়াল থাবা থাকবে, সামাজিক দূরত্ব মেনে অভাবী মানুষের হাতে এসব পন্য প্রতিদিনই তুলে দেয়ার চেষ্টা করবো।
সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশেই আমরা মানবতার হাত বাড়িয়ে দিয়েছি। খবর: সময় নিউজ
























