কৃষি যন্ত্রপাতির দাম কমবে

ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি অর্থবছরের বাজেটে কৃষিকে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। কৃষি যন্ত্রপাতি বিক্রিতে মূসক অব্যাহতি দেয়া হয়েছে। ফলে কৃষি যন্ত্রপাতির দাম কমবে ।

গত বৃহস্পতিবার (১১ জুন, ২০২০) জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বাজেট পর্যালোচনায় এমন তথ্য মিলছে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, কৃষি খাতে প্রণোদনা দেওয়ার জন্য কৃষি যন্ত্রপাতি যেমন পাওয়ার রিপার, পাওয়ার টিলার অপারেটেড সিডার, কম্বাইন্ড হার্ভেস্টার, রোটারি টিলারের ওপর ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। এতে কৃষি যন্ত্রপাতির দাম কমবে ।

আরও পড়ুন: বাজেটে কৃষিঋণ হিসেবে কৃষকদের জন্য বরাদ্দ ৫ হাজার কোটি টাকা

তিনি বলেন, এ ছাড়া দেশে উৎপাদিত আলু ব্যবহার করে তৈরি পটেটো ফ্লেক্সের ওপর মূসক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এবং ভুট্টা ব্যবহার করে স্থানীয়ভাবে মেইজ স্টার্চ উৎপাদনের ক্ষেত্রে মূসক কমানোর প্রস্তাব করা হয়েছে।

এছাড়া দেশীয় টেক্সটাইলশিল্প বিকাশের লক্ষ্যে পলিয়েস্টার, রেয়ন ও অন্য সব সিনথেটিক সুতার ওপর মূসক মূল্যভিত্তিক ৫ শতাংশ থেকে কমিয়ে সুনির্দিষ্ট কর প্রতি কেজি ৬ টাকা ও সব ধরনের সুতি সুতার ওপর সুনির্দিষ্ট কর প্রতি কেজি ৪ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

এবারে পেঁয়াজ চাষিদের জন্যেও বাজেটে সুখবর রয়েছে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, দেশীয় পেঁয়াজচাষিদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ ও চাষে উৎসাহ দিতে পেঁয়াজ আমদানিতে কিছুটা আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে পেঁয়াজ আমদানিতে শূন্য শুল্কহার বিদ্যমান।

আরও পড়ুন: বাজেটে কৃষিতে বরাদ্দ ও গুরুত্ব নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস এর কারণে কৃষিকে এবার অনেক বেশি প্রাধান্য দিয়েছে সরকার। এরই প্রতিফলন বাজেটেও মিলেছে। দেশীয় শিল্পকে সব ধরণের সহযোগিতা দিয়ে সামনের প্রতিকূলতা দূর করাই হবে সরকারের মূল চ্যালেঞ্জ। কৃষি যন্ত্রপাতির দাম কমবে শিরোনামের সংবাদটির তথ্য প্রথম আলো সংবাদ মাধ্যম থেকে নেয়া হয়েছে।