নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: গোখাদ্যের দাম বাড়ার প্রতিবাদে ও আসন্ন বাজেটে খামারিদের ভর্তুকি দেওয়াসহ ছয় দফা দাবিতে গরু নিয়ে রংপুরে নগরীতে বিক্ষোভ এবং জেলা ও বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় ঘেরাও করেছেন খামারিরা।

বুধবার (২৫ মে) দুপুরে কয়েকশ গরু খামারি এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

জানা গেছে, প্রায় দেড় ঘণ্টাব্যাপী প্রাণিসম্পদ কার্যালয় ঘেরাও করে রাখেন তারা। এতে নগরীর প্রধান সড়কে যান চলাচল বিঘ্ন হয়। বাধে তীব্র যানজট। পরে প্রাণিসম্পদ বিভাগের রংপুরের পরিচালক অলিয়ার রহমান আকন্দ খামারিদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দিলে খামারিরা ফিরে যান।

পড়তে পারেন: ভুট্টা ও গমের দাম বাড়ায় পশুখাদ্যে বাড়ছে ভাঙ্গা চাল

খামারিরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে দুধের দাম বাড়ানো, খামারি পর্যায়ে আগামী বাজেটে গো-খাদ্যে ভর্তুকি দেওয়াসহ ছয় দফা দাবি তুলে ধরেন। খামারিরা বলেন, অচিরেই গো-খাদ্যের দাম না কমালে এবং বিষয়টির সুষ্ঠু সমাধান না হলে দেশ থেকে খামার যেমন ধ্বংস হবে, তেমনি বেকার হবে লাখ লাখ যুবক।

বিক্ষোভ চলাকালে জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলার সাধারণ সম্পাদক এস এম আসিফুল ইসলাম আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও ওয়েজ করনী বাবু প্রমুখ।

ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে খামারিদের ছয় দফা দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানোর আশ্বাস দেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. ওয়ালিউর রহমান আকন্দ।

পড়তে পারেন: সয়াবিন মিল রপ্তানি বন্ধের দাবি, নইলে খাদ্যের দাম বৃদ্ধির শঙ্কার

খামারিদের অন্য দাবিগুলো হলো- প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে খামারি পর্যায়ে চিকিৎসাসেবা বৃদ্ধি, নিম্নমানের গুঁড়া দুধ আমদানি বন্ধ, গো-খাদ্যের ভেজাল রোধে কার্যকর ভূমিকা, গো-খাদ্যের সিন্ডিকেট ব্যবসায়ীদের বিচারের আওতায় আনা এবং সরকারের পক্ষ থেকে খামারিদের ঘাস চাষের জন্য জমি বরাদ্দ দেওয়া।

দাবিগুলো অচিরে না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন খামারিরা। বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে রংপুরের প্রায় পাঁচ শতাধিক খামারি অংশ নেন।

এগ্রিকেয়ার/এমএইচ