নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: যশোর শহরের দু’টি খামার পরিদর্শনের পাশাপাশি খামাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

বৃহস্পতিবার (১২ জুলাই) খামার পরিদর্শন ও মতবিনিময়ের সময়ে উপস্থিত ছিলেন জেলা (যশোর) প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবতোষ কান্তি সরকার, যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তপনেশ্বর রায়সহ প্রাণিসম্পদ বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, একাধিক দুগ্ধ খামারি এবং সুধী- সাংবাদিকেরা।

মন্ত্রী ওইদিন বিকেল পাঁচটায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক সংলগ্ন ‘এস এস ডেইরি ফার্ম’ (প্রো: শেখ শহিদুল হক) পরিদর্শনকালে খামারের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে ঘুরে দেখেন এবং গাভীর জাত উন্নয়ন কৌশল, দৈনিক দুধ উৎপাদন, প্রতি বৎসর গড়ে বাছুর উৎপাদন, গোবর উৎপাদনের পরিমাণ, দুধ ও গোবরের মার্কেটিং ব্যবস্থাপনা, গাভী ও বাছুরের খাদ্য ব্যবস্থাপনা, খামারের রোগ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে খোঁজ খবর  নেন।

তিনি কাঁচা দুধের হোম ডেলিভারির সাথে সাথে অতিরিক্ত দুধ দ্বারা নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন রকমের ‘ভ্যালু এডেড পণ্য’ উৎপাদন, বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও এ থেকে উৎপাদিত গ্যাস দ্বারা রান্নার জ্বালানির সাথে সাথে বাল্ব ও ফ্যান চালু এবং গোবর সার প্যাকেজিং ও লেবেলিং করে বাজারজাতকরণের জন্য খামারিকে পরামর্শ প্রদান করেন।

খামারির অনুরোধে পূর্বরাত্রে জন্মগ্রহণকারী নবজাতক বকনা বাছুরের ‘কোহিনুর’ নামকরণ করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন।

এরপর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ তালতলা বাজার সংলগ্ন মোসাম্মাৎ রওশন-আরা র “রাবেয়া ডেইরি ফার্ম” পরিদর্শন করেন। সেখানে খামারির সাথে কথা বলেন এবং তাঁর স্বাস্থ্যসম্মত খামার ব্যবস্থাপনার প্রশংসা করেন।

খামারিগণ গুড়ো দুধের আমদানি শুল্কবৃদ্ধিতে মন্ত্রীর সাহসী ভূমিকার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই শুল্ক ভবিষ্যতে আরো বৃদ্ধি করা, গোখাদ্যে ভর্তুকি প্রদান, খামারের বিদ্যুৎ বিল কৃষির হারে নির্ধারণ এবং প্রকৃত দুগ্ধ খামারিদের মাঝে ৫ শতাংশ সুদে ঋণদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা (যশোর) প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবতোষ কান্তি সরকার।