
গোদাগাড়ী প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: গোদাগাড়ীতে বিষমুক্ত টমেটো উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময়ে টমেটো বিষ দিয়ে পাকানো বিষয়ে নানা ধরণের সচেতনতামূলক তথ্য তুলে ধরা হয়।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিরাপদ ও বিষমুক্ত টমেটো উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে সচেতনতাবৃদ্ধি শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শিমুল আকতার সভাপতিত্ব করেন।
গোদাগাড়ী উপজেলা পরিষদের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার শামসুন নাহার ও জাইকা প্রতিনিধি।
সচেতনতা প্রশিক্ষণ সভায় অতিথিবৃন্দ, নিরাপদ উপায়ে টমেটো চাষে করণীয়, সার প্রয়োগ, টমেটো বিষমুক্ত উপায়ে পাকানোর বিষয়ে বিস্তর তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা জানান, নিরাপদ পদ্ধতে টমেটো চাষে অধিক লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এতে একেদিকে যেমন স্বাস্থ্যের উপকার হবে অন্যদিকে আর্থিক উন্নতি হবে। মনে রাখতে হবে এখন মানুষ সচেতন হচ্ছে। দিন যতই যাবে অর্গানিক পণ্যের চাহিদা ততই বাড়বে।
এ সময়ে জানানো হয়, বিষ দিয়ে টমেটো পাকিয়ে বাজারজাত করে জনগণের স্বাস্থ্যের ক্ষতি করার এমন প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানানো হয়।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় প্রশিক্ষণ সভায় গোদাগাড়ী উপজেলা বিভিন্ন স্থান থেকে আসা টমেটো চাষী, বীজ বিক্রেতা, কীটনাশক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
গোদাগাড়ীতে বিষমুক্ত টমেটো উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সংবাদটির তথ্য আমাদের গোদাগাড়ী প্রতিনিধি মোঃ আব্দুল বাতেন পাঠিয়েছেন।
আরও পড়ুন: দেশে লবণের ঘাটতি নেই, দাম বৃদ্ধি গুজব বরং চাহিদার তুলনায় উদ্বৃত্ত রয়েছে
























