ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: শহুরে জীবনের কংক্রিটের ভিড়ে ছাদ এখন অনেকের কাছেই ছোট্ট এক টুকরো সবুজ আশ্রয়। পুরোনো বাগানের পাশাপাশি নতুন করে গড়ে উঠছে অসংখ্য ছাদবাগান। দেশি–বিদেশি ফল, ফুল, অর্কিডের সঙ্গে নানা ধরনের সবজি চাষ হচ্ছে এসব বাগানে।

একটি পরিচ্ছন্ন ও পরিচর্যাযুক্ত ছাদবাগান যেমন রুচির পরিচয় দেয়, তেমনি মানসিক প্রশান্তিও এনে দেয়। তাই ছাদবাগান সুন্দর ও টেকসই রাখতে কিছু সাধারণ পরিচর্যা জানা জরুরি।

১০টি টিপস অ্যান্ড ট্রিকস:

১) আপনি ফুল, ফল বা মিশ্র—যে ধরনের বাগানই করুন না কেন, বাগান পরিপাটি রাখা জরুরি। সময়মতো টবের গাছে প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে হবে।

২) ফলগাছে ফুল আসা শুরু হলে বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়। এ সময় গাছের প্রতি বাড়তি নজর না দিলে ফুল থেকে ঠিকমতো ফল সেট নাও হতে পারে।

৩) বর্ষাকালের শুরুতে টবগুলোতে একবার প্রয়োজনমতো সার প্রয়োগ করুন। পাশাপাশি খেয়াল রাখতে হবে, টবে যেন পানি জমে না থাকে।

৪) টবে প্রায়ই আগাছা জন্মায়। নিয়মিত এসব আগাছা পরিষ্কার করতে হবে। অনেকেই বাগানের যথেষ্ট যত্ন নেন, আবার কেউ কেউ নেন না। ফলে বাগান অগোছালো হয়ে পড়ে। ছাদে বাগান করতে হলে অবশ্যই পরিকল্পিত চাষাবাদ পদ্ধতি অনুসরণ করতে হবে। এতে একটি সুন্দর ও গোছানো ছাদবাগান গড়ে তোলা সম্ভব।

৫) ছাদে গাছ লাগালে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ হওয়া স্বাভাবিক। তাই সময়মতো কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করলে বাগান নিরাপদ থাকে।

৬) গাছের মরা বা রোগাক্রান্ত ডাল দ্রুত কেটে ফেলতে হবে। এসব ডাল বাগানের অন্য কোনো কাজে ব্যবহার করা উচিত নয়। এতে এক গাছের রোগ অন্য গাছে ছড়িয়ে যেতে পারে।

৭) বড় গাছগুলো নিয়মিত রিপটিং করতে হবে। অর্থাৎ, গাছ অনেক দিন টব বা হাফ ড্রামে থাকলে শিকড় পুরো পাত্র ভরে ফেলে। সে ক্ষেত্রে গাছ তুলে শিকড় ছাঁটাই করে আবার সঠিকভাবে টব বা হাফ ড্রামে বসিয়ে দিতে হবে।

৮) গাছে ফুল বা ফল শেষ হয়ে গেলে প্রুনিংয়ের কাজ সেরে নেওয়া উচিত। গাছ পরিষ্কার করে ছত্রাকনাশক ও সার প্রয়োগ করতে হবে।

৯) গাছে নিয়মিত পানি দিতে হবে। গরমের সময় বিকেলে গাছগুলোতে ভালোভাবে পানি ছিটিয়ে দিলে গাছ ঠান্ডা থাকে।

১০) ছাদবাগানের টবগুলো প্রতিবছর অন্তত একবার জায়গা পরিবর্তন করুন। এরপর ছাদে শ্যাওলা জমে থাকলে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন। একই সঙ্গে ছাদের ফ্লোর ঠিক আছে কি না, সেটিও দেখে নেওয়া প্রয়োজন।

পরিকল্পিত ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে ছাদে দারুণ একটি বাগান গড়ে তোলা সম্ভব। এতে প্রতিবেশীরাও ছাদবাগানে আগ্রহী হন। প্রতিদিন ছাদে যাওয়ার আলাদা এক আনন্দ তৈরি হয়। পরিবারের সদস্যদেরও ছাদবাগানে যুক্ত করলে একসঙ্গে সময় কাটানো যায়। নিজের হাতে উৎপাদিত তাজা ফল ও শাকসবজি পাওয়ার তৃপ্তিও আলাদা। তাই যত্নে ও পরিকল্পনায় গড়ে তুলুন সুন্দর একটি ছাদবাগান।