
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: জামদানির ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ পেয়েছেন ৬৬ জন তাঁতি। নিয়ম রয়েছে, নিবন্ধন সনদহীন কেউ বৈধভাবে জামদানি উৎপাদন ও বাজারজাত করতে পারবে না।
শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) যৌথভাবে তাঁতিদের মধ্যে জামদানির নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ বিতরণ করছে।
এ উপলক্ষে সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিসিক জামদানি শিল্পনগরী মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৬৬ জন তাঁতির হাতে নিবন্ধন সনদ তুলে দেন ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম।
অনুষ্ঠানে শিল্পসচিব জানান, জিআই চিহ্নিত জামদানি শিল্প এলাকায় প্রায় ৫ হাজার তাঁতি আছেন। এ সীমানায় অন্তর্ভুক্ত সব জামদানি তাঁতিকে পর্যায়ক্রমে জিআই নিবন্ধন সনদ প্রদান করা হবে। এ কার্যক্রম শেষ হলে শুধু তাঁরাই জামদানি উৎপাদন ও বাজারজাত করতে পারবেন।
অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার, প্রিজম প্রকল্পের পরিচালক মাহবুবুর রহমান ও পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার মো. সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর কিছু পণ্যের জিআই সনদ দিচ্ছে। তার মধ্যে জামদানি অন্যতম। অবশ্য জিআই সনদ পেতে সংশ্লিষ্টদের আগে আবেদন করতে হয়। বিসিকের প্রিজম প্রকল্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
























