এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি এলাকার দরিদ্র জনগণ চলতি রমজান মাসে টাকা ছাড়াই ব্যাগ ভর্তি বাজার পাচ্ছেন।

স্থানীয় ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ ফ্রি হাটের আয়োজন করেছে। এ ফ্রি হাটে রয়েছে- সবজি, মাছ, তেল, পেঁয়াজ, খেজুর, লবন, রসুন, কাঁচা মরিচ, মুড়ি, তাজা মাছ, আলু, চিচিঙ্গা, টমেটো, মিষ্টি কুমড়া, লাউসহ ১২টি পণ্য। যা বিনামূল্যে পাচ্ছেন স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা। ফলে টাকা ছাড়াই ব্যাগ ভর্তি বাজার পেয়ে খুশি তারা।

আয়োজক সূত্র জানায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিপর্যস্ত অসহায় ও নিম্ন আয়ের জনগণ। তাদের যেন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এমন পরিস্থিতিতে স্থানীয় অসহায় ও নিম্ন আয়ের মানুষদের জন্য চলতি রমজানের ফ্রি হাট কর্মসূচি চালু করেছে ওই স্বেচ্ছাসেবী সংগঠন।

প্রথম রমজান রোববার (৩ এপ্রিল) স্থানীয় ইরা গ্যাস স্টেশন চত্বরে এ ফ্রি হাটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন, আঠারোবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক, তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলামসহ অনেকে।

জানা যায়, সংগঠনের ব্যবস্থাপনায় একদল তরুণ স্বেচ্ছাসেবীর মাধ্যমে পরিচালিত হচ্ছে এ হাটের কার্যক্রম। এ হাটের আলাদা আলাদা স্টলে সাজিয়ে রাখা হয়েছে নানা ধরনের প্রয়োজনীয় পণ। যা বাজারে আসা অসহায় ব্যক্তিদের ব্যাগে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে। এছাড়া যারা সংকোচ থেকে এ হাটে আসতে চান না, কিন্তু তারা অভাবগ্রস্ত, তাদের জন্য ফাউন্ডেশনের একটি ফোন নম্বর দেওয়া রয়েছে। ওই নম্বরে ফোন কলা দিলে সংগঠনের স্বেছাসেবীরা পণ্য পৌঁছে দিচ্ছেন তাদের ঘরে।

সহিলাটি গ্রামের আবুল কাসেম (৬০) নামে এক ব্যক্তি বলেন, মাগনা বাজার পাব, তা কল্পনা করিনি। তাছাড়া যেসব বাজার তারা মাগনা দিচ্ছে, এত কিছু আমার পক্ষে কিইন্যা খাওয়া সম্ভব ছিল না।

দিঘালিয়া গ্রামের বাসিন্দা আছমা আক্তার (৪৫) বলেন, রোজার লাগি বাজার-সদাই করতাম পারি নাই। কিন্তু আল্লাহ এইবার যে ব্যাগ ভইরা মাগনা বাজার মিলায়া দিব, তা চিন্তাও করছি না। খুব আনন্দ লাগতাছে।

রনি সরকার শুভ নামে সংগঠনের এক সদস্য বলেন, বর্তমানে বাজারের যে অবস্থা, তাতে নিম্ন আয়ের মানুষদের নিত্যদিনের বাজার করা দুঃসাধ্য। সেজন্য আমরা বিত্তবানদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে সেগুলো দিয়ে এ ফ্রি হাটের কার্যক্রম পরিচালনা করছি। এর মাধ্যমে বিভিন্ন খাদ্য উপকরণ দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিতরণ করতে পারছি।

প্রথম দিনে এ সহায়তা পেয়েছেন ৪০০ মানুষ। পুরো রমজান জুড়ে প্রতি রোববার বসবে এ হাট। শেষ সপ্তাহের হাটটি হবে ঈদের হাট। সেই হাটে নতুন জামা-কাপড়, সেমাই-চিনি ও শিশুদের জন্য খেলনা বিনামূল্যে বিতরণ করবে সংগঠনটি।

এগ্রিকেয়ার/এমএইচ