আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ দেশের তিন বিভাগের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজধানীসহ ঢাকায় সারাদিন মেঘলা আকাশ ও বৃষ্টি হতে পারে। সেই সাথে মাঝেমধ্যে রোদও উঠতে পারে।

আজ রোববার (৮ আগষ্ট) সকালের দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়া বিশ্লেষণ করে এমন তথ্য উঠে এসেছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ১০১ মি.মি.। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ১১ মি.মি.। আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।