
নিজস্ব প্রতিবেদক: আজ সকাল থেকেই ঢাকার আকাশ রৌদ্রজ্জ্বল। শরতের আকাশে কোথাও কোথাও উঁকি দিচ্ছে মেঘ। আর এই মেঘের সাথে বৃষ্টি নামতে পারে বিকেলের দিকে। এছাড়া সারাদেশের বিভিন্ন এলাকায় মেঘ, বৃষ্টির দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের দেয়া আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে পাওয়া গেলো এমন তথ্য। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদরা বলছেন, রোদ, মেঘ আর বৃষ্টি এ তিনের সম্বন্বয়ে কাটতে পারে ছুটির দিনটি।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রা: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এবং দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বরিশালে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আগামী তিনদিনের বৃষ্টির পরিস্থিতি: আবাহওয়া অফিস জানায়, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে। এর ফলে আগামী তিনদিন বৃষ্টি পাতের পরিমাণ বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কুমারখালীতে ৪ ডিগ্রি সেলসিয়াস।
























