ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: রাজধানীসহ সারাদেশে কয়েক দিন ধরে তাপমাত্রা বেড়ে গেছে। গরমের এই তীব্রতা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর শক্তিশালী বৃষ্টিবলয় আসার পূর্বাভাস রয়েছে।

সোমবার আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’। এটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এর ফলে দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া দেশের অনেক এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি ঘটাতে পারে।

শক্তিশালী বৃষ্টিবলয়টি ২৪ থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত থাকতে পারে জানিয়েছেন বিডব্লিউওটি।

আরেকটি পোস্টে সংস্থাটি জানায়, এই অসময়ে বৃষ্টি বলয়ের কারণে ক্ষতির মুখে পড়তে পারে দেশের কৃষি খাত।

যাতে ক্ষতি মোকাবেলায় সময়মতো প্রস্তুতি নেওয়া যায়, তাই আগামী কয়েকদিন নিয়মিত আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এ অবস্থায় মঙ্গলবার পর্যন্ত গরমের তীব্রতা একইরকম থাকলেও বুধবার থেকে তাপমাত্রা কমতে থাকবে। একইসঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, “আগামী শুক্র ও শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে। একইসঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে।”