ডেস্ক প্রতিবেদন, (বাসস): নওগাঁ জেলার পত্নীতলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন মারা গেছেন। ওই দুর্ঘটনার শুরুতে একজনের মৃত্যু হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার ভোরে আরও ২ জন মারা যান।

শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলার পত্নীতলা উপজেলা সদরে নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড় এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ভ্যানযাত্রী সানজিদা খাতুনের (৪৫) মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, একই পরিবারের কয়েকজন নারী ও পুরুষ ভ্যান যোগে নজিপুর সদর থেকে নিজ বাড়ি পাহাড়কাটায় যাচ্ছিল। ভ্যানটি আমবাটি মোড় এলাকায় পৌঁছালে ধামইরহাট থেকে ছেড়ে আসা নজিপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পাহাড়কাটা গ্রামের বাসিন্দা শরিফা খাতুন, শামীম রেজা, শানজিদা খাতুন, সোহান ও মো. মিজানুর রহমান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শানজিদাকে মৃত ঘোষণা করেন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সেখানে ভ্যানচালক মিজানুর রহমান (৪৫) ও যাত্রী শরিফা খাতুন (৪৪) এর মৃত্যু হয়।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, শুক্রবার সন্ধ্যায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।এবং আহত হয় ৫ জন। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে আরও দুই জনের মৃত্যু হয়।