নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পেলেও এক বছর ২ মাস পার হয়েছে, যোগদান হয়নি। দ্রুত যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এর দৃষ্টি আকর্ষণ করেছে।

‘সুপারিশপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ২০২০’ সমন্বয় কমিটির উদ্যোগে গত সোমবার (১৫ মার্চস ২০২১) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই আহ্বান জানায় তারা।  মানববন্ধনে উপস্থিত ছিলেন সারাদেশের ৫৪টি জেলার সুপারিশপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

সুপারিশপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ২০২০ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আবুল বশরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির সদস্য সচিব আহসান উদ্দিনসহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রাথমিকভাবে নির্বাচিত ১৬৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা।

এ সময় বক্তারা বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদফতরের বিপুল সংখ্যক শূন্যপদের বিপরীতে গত ২০১৮ সালের ২৩ জানুয়ারি ১ হাজার ৬৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা ও ভাইবা পরীক্ষা এবং বিভাগীয় যাচাই-বাছাই এর মাধ্যমে ২০২০ সালের ১৭ জানুয়ারি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েও এক বছর ২ মাস অতিবাহিত হচ্ছে। কিন্তু যোগদানের কোনও সমাধান হচ্ছে না। এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এর সুদৃষ্টি আকর্ষণের জোর দাবি জানাচ্ছি।

এগ্রিকেয়ার/এমএইচ