
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: পোল্ট্রি খাতের একাধিক বিষয়ে ভালো মানের প্রতিবেদন তৈরির স্বীকৃতি হিসেবে পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ পেয়েছেন দেশের ১৯ সাংবাদিক। এরমধ্যে ‘প্রমিজিং পোল্ট্রি রিপোর্টার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন এগ্রিকেয়ার২৪.কম সেই সময়ে (২০১৯) কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিক আবু খালিদ। তিনি বর্তমানে ঢাকা পোস্ট অনলাইন পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।
চতুর্থবারের মত পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ডের আয়োজন করে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)। করোনার কারণে দেরিতে এবারের মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া হয়। রোববার ( ২১ মার্চ ২০২১) সিরডাপ মিলনায়তনে জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের ৯ জন, টেলিভিশনের ৬ জন, অনলাইন ও ম্যাগাজিনের ৪ জনসহ মোট ১৯ সংবাদ প্রতিবেদককে বিজয়ী হিসেবে পুরস্কার তুলে দেওয়া হয় হয়। সবিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও সচিবসহ জুরিবোর্ডের সদস্যরা।
সাংবাদিক আবু খালিদ সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন banglanews24.com, AgriCare24.com এ। এছাড়াও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তাদের মধ্যে ‘দৈনিক সংবাদপত্র’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার মরিয়ম সেঁজুতি; দ্বিতীয় হন দৈনিক দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন; এবং তৃতীয় হন দি নিউজ টুডে’র সিনিয়র স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মিচেল।
‘ঢাকার বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রের প্রতিবেদন’ ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার লাভ করেন সাপ্তাহিক চৌদ্দগ্রাম এর নির্বাহী সম্পাদক এবং দৈনিক ফেনীর সময় এর চৌদ্দগ্রাম প্রতিনিধি মোঃ এমদাদ উল্যাহ।
‘টিভি ও রেডিও’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার লাভ করেন- যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট সুশান্ত সিনহা। দ্বিতীয় হন চ্যানেল-২৪ এর কৃষি বিষয়ক প্রতিবেদক ফয়জুল সিদ্দিকী এবং তৃতীয় হন মোহনা টিভি’র স্টাফ রিপোর্টার তানজিলা নিঝুম।
বার্তা-সংস্থা/অন-লাইন ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার পান পরিবর্তন ডটকম এর স্টাফ রিপোর্টার, বর্তমানে বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ তাসলিমুল আলম তৌহিদ। ‘পোল্ট্রি ও কৃষি বিষয়ক ম্যাগাজিন/অনলাইন’ ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার লাভ করেন এগ্রিনিউজ২৪.কম এর সম্পাদক মো. খোরশেদ আলম (জুয়েল)।
এছাড়াও ‘প্রমিজিং পোল্ট্রি রিপোর্টার্স অ্যাওয়ার্ড’ লাভ করেন- এনটিভি’র সিনিয়র করেসপন্ডেন্ট মাকসুদুল হাসান; জাগোনিউজ২৪.কম এর বিশেষ সংবাদদাতা মনিরুজ্জামান উজ্জল; দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মোঃ মিজানুর রহমান চৌধুরী; দৈনিক ইত্তেফাক এর সিনিয়র রিপোর্টার মোঃ নিজামুল হক, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ; দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুন্না রায়হান; সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজল আব্দুল্লাহ; ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট শাহীদ আহমেদ; দৈনিক সুপ্রভাত বাংলাদেশের চীফ রিপোর্টার ভূঁইয়া নজরুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ এবং সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আব্দুল জব্বার শিকদারসহ প্রমূখ।
এগ্রিকেয়ার/ এমএইচ
























