
এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: বৈদ্যুতিক যন্ত্রপাতি যত্নের উপর টেকে। প্রতিদিন সবচেয়ে বেশি ব্যবহৃত যন্ত্রটির ঠিকঠাক যত্ন না নেয়ায় অল্প সময়েই স্থায়িত্ব হারায় সেটা। আজ ফ্রিজ ভালো রাখার কয়েকটি টিপস জানব।
রিয়াল সিম্পল ডটকম সেজন্য শোনাচ্ছে কিছু ছোট ছোট যত্নের টিপস। যেগুলো নিলে আপনার ঘরে থাকা ফ্রিজটিও হয়ে উঠবে দীর্ঘস্থায়ী।
ফ্রিজের দরজা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করে নেয়ার পরামর্শ তাদের। সেখানে কোনো ধরনের লিক থাকলে ভেতরের ঠাণ্ডা বাতাস বাইরে বেরিয়ে যেতে পারে। তাতে যেমন বিদ্যুৎ বেশি ক্ষয় হবে, তেমনি ফ্রিজের যতটা করা প্রয়োজন তার তুলনায় আরো বেশি কাজ করতে হবে।
প্রথমে চেষ্টা করুন ফ্রিজের দরজা বেকিং সোডা আর পানি মিশিয়ে টুথব্রাশ দিয়ে ভালোমতো পরিষ্কার করে নিতে। তারপর কয়েন দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। কয়েনের অর্ধেকটা দরজার ভেতরে রাখুন আর অর্ধেকটা বাইরে। যদি কয়েন সহজেই বের হয়ে আসে তাহলে বুঝতে হবে ফ্রিজের দরজা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করিয়ে নিতে হবে।
ফ্রিজের দরজা ঠিকভাবে লাগানো হচ্ছে কিনা এটাও গুরুত্বপূর্ণ। খাবার বা পানীয় ঠাণ্ডা না হওয়ার যে অভিযোগটি অনেকেই করেন, সেটা ভালোভাবে দরজা না লাগানোর কারণেও হতে পারে।
মাঝে মাঝে ফ্রিজের পেছনে থাকা কয়েল পরিষ্কার করতে ভুলবেন না। কনডেনন্সার কয়েলের ওপর ময়লা পড়লে ফ্রিজ ঠিকমতো কাজ করে না। সেজন্য সেটা পরিষ্কার রাখতে হবে। তাহলে তা ভালোমতো কাজ করবে।
ফ্রিজ ভালো রাখার জন্য ঠিকমতো টেম্পারেচারও সেট করতে হবে। টেম্পারেচার ঠিকমতো সেট করে রাখলে ফ্রিজ অনেকদিন ভালো থাকবে।
ফ্রিজ অবশ্যই একটি সমতল জায়গায় রাখুন। অসমান জায়গায় বসালে ফ্রিজ থেকে শব্দ হতে পারে এবং ধীরে ধীরে কম্প্রেসরের কার্যক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে।
ফ্রিজের নরমাল অংশে একটা ড্রেন পাইপ থাকে, যা ভেতরে জমা জলীয় বাষ্পকে শোষণ করে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে। শাকসবজি রাখার কারণে অনেক সময় এই ড্রেন পাইপের পথ বন্ধ হয়ে যায়। তাই মাঝেমধ্যেই এটি পরিষ্কার করা উচিত। ছোট কাঠি দিয়ে করা যেতে পারে।
ধোঁয়া ওঠা গরম খাবার ফ্রিজে রাখা উচিত নয়। ফ্রিজের সঙ্গে দেয়া নির্দেশিকা বইটি এগুলো বুঝতে ব্যবহারকারীকে সাহায্য করবে। রান্না করা খাবার বেশিদিন ফ্রিজে ফেলে রাখবেন না। রান্না করা খাবার বক্সে করে ফ্রিজে রাখুন।
ফ্রিজের ওপরে কখনো ভারী কিছু রাখবেন না। একটা তোয়ালে বা কাপড় দিয়ে রাখতে পারেন। তাহলে ফ্রিজের ওপরের অংশটা তেল চিটচিটে হবে না।
ফ্রিজের এক কোনায় ছোট একটি পাত্রে বেকিং সোডা রাখতে পারেন। তাহলে ফ্রিজে দুর্গন্ধ হবে না। ফ্রিজের কোনায় লেবু রাখলেও এ সুবিধা পাবেন।
এগ্রিকেয়ার/এমএইচ
























