
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছেন। আর ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৭ জন।
এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যু হলো দুই হাজার ৭০৯ জনের ও মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ১০ হাজার ৫১০ জনে।
আজ মঙ্গলবার (২১ জুলাই, ২০২০) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেছেন।
দেশের মোট ৮০টি ল্যাবে করোনা পরীক্ষার তথ্য তুলে ধরেন তিনি। এ সময়ে নাসিমা সুলতানা জানান, আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ১৪৯টি। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯৮টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ৮৪১ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৮২ শতাংশ।
গেল ২৪ ঘণ্টা আক্রান্ত শনাক্তের হার ২৩ দশমিক ৭০ শতাংশ এবং এপর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৯৬ শতাংশ। তবে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩৪ জন, নারী সাতজন। এ পর্যন্ত মৃত দুই হাজার ৬৬৮ জনের মধ্যে পুরুষ দুই হাজার ১৩৮ জন (৭৮ দশমিক ৯২ শতাংশ) এবং নারী ৫৭১ জন (২১ দশমিক ০৮ শতাংশ)।
গেল ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিভাজনে বলা হয়, মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সসীমার মধ্যে রয়েছেন দুজন।
মৃতদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১৫ জন করে, খুলনা ও রাজশাহী বিভাগে পাঁচজন করে এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।
আরও পড়ুন: সোমবারের করোনা আপডেট; ৫০ জনের মৃত্যু, শনাক্ত ২৯২৮
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর মার্চ মাস শেষে ৫০ জনের মতো শনাক্তের কথা জানা গেলেও এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আক্রান্তের হার বাড়ে খুব দ্রুত।
মঙ্গলবারের করোনা আপডেট; মৃত্যু ৪১, শনাক্ত ৩,০৫৭ শিরোনামের সংবাদটির তথ্য সহায়তা নেয়া হয়েছে বণিক বার্তা সংবাদ মাধ্যম থেকে।
























