
মান্দা (নওগাঁ) প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: নওগাঁর মান্দায় বিবাদমান সম্পত্তির বোরো ধান কাটাকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে নারীসহ ৭ জন আহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পরানপুর ইউপির সোনাপুর হাজারীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, সোনাপুর হাজারী গ্রামের রইচ হাজারী (৪৫), বাবলু হাজারী (৪০), হাবিবুর রহমান (৩৫), লতা বেগম (৩২), আব্দুল হান্নান (৫০), বানিসর গ্রামের আসাদুল (৪০) এবং তুড়ুক গ্রামের জিয়াউর রহমান (৫৫)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
জানা গেছে, বিবাদমান সম্পত্তি নিয়ে রইচ হাজারী ও মহসিন হাজারী গংদের মধ্যে দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছিল। উপজেলার চক-মনোহরপুর মৌজার ৬৯ নং আর এস খতিয়ানের মোট ৩.৬৭ একর সম্পত্তির মধ্যে বিবাদমান মোট ১.৮৩ একর জমি উভয়পক্ষের লোকজন নিজেদের বলে দাবি করেন। চলতি বোরো মৌসুমে রইচ হাজারী উক্ত জমি চাষাবাদ করে বোরো ধান রোপন করেন। কিন্তু মহসিন হাজারী ঘটনার দিন রাত ৯টার সময় ভারাটিয়া লোকজন এনে তাদের রোপনকৃত ধান কাটার চেষ্টা করেন। এসময় রইচ হাজারীর লোকজন বাধা প্রদান করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারীসহ ৭ জন গুরুতর আহত হন।
এব্যাপারে মহসিন হাজারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পৈত্রিক সূত্রে জমির মালিক আমরা। কিন্ত ভুলক্রমে ৬২ ও ৭২- এ রইচ গংদের নামে রেকর্ড হওয়ার কারণে জোরপূর্বক উক্ত জমি তারা ভোগ দখল করে আসছেন। তাদের লোকবল বেশি থাকায় আমরা দখল নিতে ব্যার্থ হয়ে আদালতে বাটোয়ারা মামলা দায়ের করি বর্তমানে মামলা চলমান।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনর্চাজ (ওসি) শাহিনুর রহমান এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এগ্রিকেয়ার/এমএইচ
























