নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে মেঘলা আকাশের সাথে বাড়তে পারে তাপমাত্রা। তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি রয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, সারাদেশ থেকে বর্ষাকাল বিদায় নিয়েছে। এর ফলে দেশে বৃষ্টিপাতও কমে গেছে। এ সময়ে আবহাওয়া শুষ্ক থাকে বেশিরভাগ সময়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা: সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিনের (৭২ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে তাপমাত্রা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সারাদেশে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের খেপুপাড়ায় ১ মি.মি. বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া দেশের দুই জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে দেখা গেছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।