
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কভিড-১৯ সঙ্কট পরিস্থিতি, রোজা ও আসন্ন ঈদ উপলক্ষ্যে সিটি করপোরেশন ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে ঈদ পর্যন্ত গরুর মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয়ার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস)।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, রোজা উপলক্ষ্যে প্রতি বছর রাজধানীতে গরুর মাংসের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয়া হয়। গত ৪৫ বছর ধরে এই নিয়ম চলে আসছে। কিন্তু এবার তা করা হয়নি। ফলে গরুর মাংসের দাম প্রতি কেজি ৬০০ টাকা ছাড়িয়ে গেছে। কোথাও ৬৫০ টাকাও বিক্রি হচ্ছে। ঈদের আগে আরো দাম বাড়ার শঙ্কা রয়েছে।
পলাশ মাহমুদ বলেন, এক মাস আগে চাল প্রতি বস্তা (৫০ কেজি) ১ হাজার ৯০০ টাকায় বিক্রি হলেও এখন ২ হাজার ৫০০ টাকা। ১০০ টাকা কেজির আদা এখন ৩০০ টাকা। দেড় মাসে চাল, ডাল, তেল, চিনি, দুধ, পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, হলুদ থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। কোনো কোনো পণ্যের দাম ২ থেকে ৩ গুণও বেড়েছে। দেশজুড়ে কৃষকদের উৎপাদিত তরল দুধ অবিক্রিত থাকলেও পাস্তুরিত দুধের দাম বেড়েছে। বিষয়টি একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।
আরোও পড়ুন: একদিনে ২৬ কোটি টাকার দুধ, ডিম ও পোল্ট্রি ভ্রাম্যমাণ বিক্রয়
সিসিএস বলছে, কভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। শ্রমিক, দিনমজুর, হকার, রিকশাচালকসহ নিত্যআয়ের মানুষের উপার্জন বন্ধ। দরিদ্র ও মধ্যবিত্ত প্রায় ৬ কোটি মানুষ বিপাকে। এ অবস্থায় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি খুবই অমানবিক। মানুষ যেন প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পারে সেজন্য নিত্যপণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয়া সরকারের দায়িত্ব। বিশেষ করে আসন্ন ঈদ উপলক্ষ্যে বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার আগেই ব্যবস্থা নিতে হবে।
























