
জেলা প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: গাড়ির হর্ণ যেন কাকের কর্কষ কন্ঠের মতো তীক্ষ্ণ হয়ে উঠেছে। গরমে দরদর ঘামের সাথে পুড়ে উঠছে মানুষের চোখ-মুখ। কবে থেকে নেই বৃষ্টির দেখা! তীব্র তাপপ্রবাহে শুকিয়ে ঝরে যাচ্ছে আম লিচুর গুটি।
রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির সম্ভবনা থাকলেও রাজশাহীতে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।
রাজশাহী আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ক’দিন ধরে দেশের কয়েকটি অঞ্চলের সাথে রাজশাহীতেও মৃদু তাপপ্রবাহ চলমান। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সবচেয়ে বেশি। সাধারণ দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। এছাড়া ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। সে হিসেবে রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ চলছে।
রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৯৪৯ সাল থেকে দেশে তাপমাত্রার রেকর্ড শুরু হয়। এর মধ্যে ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এরপর সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল ২০০০ সালে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ২০১৪ সালের ২৫ এপ্রিলে। বর্তমানে অর্থ্যাৎ গতকাল ( ২০ এপ্রিল ২০২১) তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস উঠেছে। তবে, ১৯৭২ সালের তাপমাত্রাই এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক লতিফা হেলেন এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ চলছে। গতকাল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজশাহীতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, কিছুটা তাপপ্রবাহ কমছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























