বাঘা (রাজশাহী) প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর বাঘা ইব্রাহিম দেওয়ান (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ইব্রাহিম চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া গ্রামের হাবু দেওয়ানের ছেলে।

গতকাল বুধবার (২৪ মার্চ ২০২১) রাত সাড়ে ১০টার আহতবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঘটনার আগে বুধবার রাত ৯ টার দিকে চৌমাদিয়া বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন ইব্রাহিম ও মোশাররফ। এ সময় প্রতিপক্ষ রশিদ ও জিয়া গ্রুপের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ইব্রাহিমকে গুলি করার পর কোপানো হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান ইব্রাহিম। রশিদ ও জিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা চরাঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য এলাকায় আতঙ্ক ছড়ায়। যেকোনো কারণেই হোক পূর্ব শত্রুতার জের ধরে ইব্রাহিমকে খুন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারী এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, নিহতের পিঠে ও পেটের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। তাছাড়া তার পায়ে কোপানোর গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্ত্রী। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

এগ্রিকেয়ার/এমএইচ