
জ্যেষ্ঠ প্রতিবেদক: আজ রাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। কোথাও কোথাও এ ঝড়ের গতি ঘণ্টায় ৮০ কি.মি. পর্ন্ত হতে পারে। একাধিক এলাকার নদীবন্দর সমূহে ২ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ শনিবার (১৫ মে) রাতে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের তথ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বৃষ্টির প্রবণতা রাতে বাড়লেও দিনে কিছু এলাকায় দাবদাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সকালের পর থেকে রাজশাহী, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। বিকেল থেকে ঢাকা ও রাজধানী শুরু হয় ঝড়োহাওয়াসহ বজ্রবৃষ্টি। ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ৯ মি.লি.। তবে বৃষ্টির ধারা রাতেও থাকবে। আর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বগুড়ায় ১৯ মি.লি.।
আজ সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কিছু অঞ্চলে বয়ে যাওয়া মৃদু দাবদাহ কালও থাকবে। বিশেষ করে রাঙ্গামাটি, চাঁদপুর, মাঈজদীকোর্ট এবং সৈয়দপুর অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
নদীবন্দরে সতর্কতা সংকেত: দেশের রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া এবং ফরিদপুর এলাকার উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি.মি. গতিতে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহে ২ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়োহাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. হতে পারে। আজ রাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা শিরোনামের সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে।
























