
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) অভিনন্দন জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
আজ শুক্রবার (৯ অক্টোবর ২০২০) এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশসহ সারা বিশ্বে খাদ্য নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব গড়ার প্রয়াসে নিয়োজিত ডব্লিউএফপিকে এই পুরস্কারপ্রাপ্তি দারুনভাবে অনুপ্রাণিত করবে।
মন্ত্রী আরোও বলেন, বিশেষ করে মহামারি করোনার প্রভাবে যখন বিশ্বের অনেক দেশে খাদ্য নিরাপত্তা চরম ঝু্ঁকির মধ্যে রয়েছে তখন এই পুরস্কারপ্রাপ্তি সংস্থাটিকে তাদের উদ্যোগ আরও জোরালো করতে উৎসাহ দিবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তায় বিশ্বকে একযোগে কাজ করার বার্তাকে আরও শক্তিশালী করবে।
শান্তিতে নোবেল দেওয়ায় বিশ্ব খাদ্য কর্মসূচি ও নরওয়েজিয়ান নোবেল কমিটিকে কৃষিমন্ত্রী আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, শুক্রবার অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।
নোবেল কমিটি জানায়, সংঘাত ও যুদ্ধকবলিত এলাকাগুলোতে ক্ষুধা নিরসনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের অঙ্গ সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
এ ছাড়াও, জাতিসংঘের এই অঙ্গ সংস্থা খাদ্য সুরক্ষাকে শান্তির উপকরণ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বহুপাক্ষিক সহযোগিতায় মূল ভূমিকা পালন করেছে এবং যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহারকে মোকাবিলায় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে একত্রিত করার জন্য জোরালো অবদান রেখেছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
এগ্রিকেয়ার/এমএইচ
























