নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। অর্থনীতির সকলক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যেটি সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে, নন্দিত হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী বলেন, সারা পৃথিবীর বিভিন্ন অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মিডিয়া বিভিন্নভাবে বাংলাদেশকে প্রশংসা করছে। বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল। এটি আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

আজ শুক্রবার ৭ আগস্ট ২০২০ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্ধি রেজিয়া কলেজে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ দেশটিকে তোমাদের ভালবাসতে হবে, দেশের মানুষকে ভালবাসতে হবে। সূর্যের মত তোমাদের আলোয় সবাইকে আলোকিত করবে। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে নিজেদের জীবনকে গড়বে। তোমাদের মেধা, কাজ ও যোগ্যতার মাধ্যমে দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করবে।

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে শিরোনামে সংবাদের তথ্য নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের তথ্য অফিসার মো: কামরুল ইসলাম ভূইয়া।

এ অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, মুশুদ্ধি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, মুশুদ্ধি রেজিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।