
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি, সমুদ্রে ৩ নং সতর্কতা দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকাসহ দেশের একাধিক বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আজ বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, সাগরে লঘুচাপ সৃষ্টির কারণে আজও ঢাকাসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোদের দেখা কম পাওয়া যেতে পারে। বিশেষ করে ঢাকা ও আশপাশের এলাকায় থেমে থেমে বৃষ্টির পাশাপাশি মেঘ থাকতে পারে আকাশে।
তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত ২৪ ঘণ্টা (গতকাল সন্ধ্যা পর্যন্ত) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশালের খেপুপাড়ায় ১৭৬ মি.মি.।
এছাড়া গত ২৪ ঘণ্টায় কক্সবাজার, টেকনাফে ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী দুইদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
সমুদ্র বন্দরে সতর্কতা বহাল: চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর (পুন:) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলর কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সিনপটিক অবস্থা: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। সারাদিন থেমে থেমে বৃষ্টি, সমুদ্রে ৩ নং সতর্কতা শিরোনামের সংবাদটির তথ্য আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।
























