সারাদেশে ৩০ টাকা কেজি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল (রোববার) থেকে সারাদেশে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির এসব ট্রাকে একজন সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।

আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে টিসিবি’র ঊর্ধ্বতন কার্যনির্বাহী ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

মোঃ হুমায়ুন কবির জানান, আগামীকাল থেকে টিসিবির ট্রাকে পেঁয়াজও বরাদ্দ থাকবে। কেজিপ্রতি ৩০ টাকা দরে একজন সর্বোচ্চ ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এছাড়া অন্যান্য পণ্য একইরকম থাকবে। সারাদেশে গাড়ি প্রতি ৩০০ থেকে ৬০০ কজি করে পেঁয়াজ বরাদ্দ থাকবে।

তিনি বলেন, গত দুই বছরের অভিজ্ঞতার আলোকে চলতি বছর সেপ্টেম্বর মাসে আমদানি করা পেঁয়াজ বিক্রি করার পূর্ব পরিকল্পনা করা হয়। সে অনুসারে কাল থেকে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।