সিকৃবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: ‘অগ্নিশিখা এসো-এসো, আনো আনো আলো, দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।’ হাজারো মোমবাতির আলো জ্বেলে দীপাবলি উৎসবে মেতেছিলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার।

আজ মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় মোমবাতি প্রজ্জ্বলন, প্রদীপ ভেলা ভাসানো ও ফানুস উড়ানোর মধ্যদিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

এছাড়াও ক্যাম্পাসের প্রশাসনিক ভবন, একাডেমিক ও আবাসিক হল এবং ডরমেটরিসহ বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে প্রদীপ জ্বালানো হয়।

এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিকৃবি পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. মিটু চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

প্রভাষক মধুমিতা ভট্টাচার্য্য পিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ডিন কাউন্সিলের আহবায়ক  প্রফেসর ড. মোঃ আবুল কাশেম, প্রফেসর ড.নির্মল চন্দ্র রায়, প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ, প্রফেসর ড. জিতেন্দ্র কুমার অধিকারী, প্রফেসর ড. স্নেহাংশু শেখর চন্দ্র, সাউরেস-এর  উপ পরিচালক দেবাশীষ সাহা, ছাত্র প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক বাণী কৃষ্ণ গোস্বামী।

সভায় অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বী শিল্পীরা ভক্তিমূলক গান পরিবেশন করেন। এসময় ঢাকের বাদ্যে মুখরিত হয়ে উঠে সিকৃবি প্রাঙ্গন।