
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কয়েকদিনের গরমের পর সু-খবর দিলো আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কয়েক অঞ্চলে বুধবার থেকে বৃষ্টি হতে পারে।
সোমবার (১৩ জুন) আবহাওয়াবিদ মো: তরিফুল নেওয়াজ করিম জানান, আজ সকাল ৯টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পড়তে পারেন: এবার করের বোঝা পোল্ট্রি ও মৎস্য খামারিদের ঘাড়ে
এদিকে ভারতের আবহাওয়া দপ্তর জানায়, দক্ষিণবঙ্গের একাধিক জেলা হাওড়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান এবং পুরুলিয়ার মতো একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে।
তবে এখনো বর্ষা এসে পৌঁছায়নি দক্ষিণবঙ্গে। এক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের অবস্থান করার ফলে দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ির মত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে এবং আগামী দিনে সেই বৃষ্টিপাত আরো বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আশার কথা, আগামী ১৪ থেকে ১৬ ই জুনের মাঝে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা।
অন্যদিকে সোমবার সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেট ৫৭ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুর ২১২ দশমিক ৫ মিলিমিটার। ঢাকায় আজ বৃষ্টিপাত হয়নি, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৮৯ শতাংশ। আজ সূর্যাস্ত ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























