
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: হলোগ্রাফিক নিরাপত্তা সুতা বিশিষ্ট ১০০০ টাকার নতুন নোট চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সর্বোচ্চ মূল্যমানের ব্যাংক নোট বিবেচনায় নিরাপত্তা এবং জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে নোট টি চালু করা হয়েছে।
আজ সোমবার (২০ জুলাই, ২০২০) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়েছে নতুন এ নোট। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক এর অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সর্বোচ্চ মূল্যমানের ব্যাংক নোট বিবেচনায় ১০০০ টাকা মূল্যমান নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা এবং নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে রং পরিবর্তনশীল হলোগ্রাফিক নিরাপত্তা সুতা (Kinetic StarChrome® Thread) সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইন এবং গভর্নর ফজলে কবির এর স্বাক্ষরিত ১৬০ মিমি x ৭০ মিমি পরিমাপের ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, নতুন নিরাপত্তা সুতাটি ইতিপূর্বে প্রচলনে থাকা নোটের নিরাপত্তা সুতা অপেক্ষা উন্নততর যা নোট জালকরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রং এবং ডিজাইন অপরিবর্তিত রেখে শুধুমাত্র নোটের সম্মুখভাগে বামপাশের নিরাপত্তা সুতাটি পরিবর্তন করা হয়েছে।
নতুন এ নিরাপত্তা সুতাটি ৫ মিলি মিটার প্রশস্ত এবং নোটে নিরাপত্তা সুতার ৪টি অংশ (উইন্ডো) দৃশ্যমান থাকবে। ৫ মিলি মিটার প্রশস্ত নতুন এ নিরাপত্তা সুতায় ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ এবং ‘১০০০ টাকা’ খচিত রয়েছে যা কতিপয় ক্ষেত্রে নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ ও আংশিক এবং কতিপয় ক্ষেত্রে নিরাপত্তা সুতার ভিতরে অবস্থান করবে।
নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে উঠানো সম্ভব হবে না, নোটটি কাত (Tilt) করলে নিরাপত্তা সুতার রং সোনালী থেকে হালকা সবুজ ও গাঢ় সবুজ রংয়ে পরিবর্তিত হয় এবং উজ্জ্বল রংধনুর রংয়ের বারে রূপান্তরিত হয়ে উপর থেকে নীচে চলতে দেখা যাবে।
নোটের রং, ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৫টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা, লুকানো ছাপা, নোটের পিছনের দিকে ইরিডিসেন্ট স্ট্রাইপ ইত্যাদি) অপরিবর্তিত রয়েছে।
প্রচলনে দেয়া নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান নোটসমূহ (শহীদ মিনার ও কার্জন হলের ছবি সম্বলিত হালকা লাল রংয়ের নোট এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত হালকা বেগুনী রংয়ের নোট) বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।
আরও পড়ুন: বন্যায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কৃষি মন্ত্রণালয়ের ৪ উদ্যোগ
হলোগ্রাফিক নিরাপত্তা সুতা বিশিষ্ট ১০০০ টাকার নতুন নোট চালু শিরোনামের সংবাদটির তথ্য বাংলাদেশ ব্যাংক এর ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স, মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) সাঈদা খানম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এগ্রিকেয়ার২৪.কম কে নিশ্চিত করা হয়েছে।
























