ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ১৫ দিন আগের দামে বাজারে চাল বিক্রির নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ১৫ দিন আগে বাজারে যা চালের দাম  ছিল, সেই দামে পুরো অক্টোবর মাস চাল বিক্রি করতে চালকল মালিকদের নির্দেশ দেন ।

মঙ্গলবার চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে সাড়ে তিন ঘণ্টা বৈঠক শেষে খাদ্যমন্ত্রী এ নির্দেশ দেন। রাজধানীর খাদ্য ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 আরও পড়ুন: কোনভাবেই খাদ্য নষ্ট ও অপচয় করা যাবে না: কৃষিমন্ত্রী

খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, খাদ্য অধিদফতরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ প্রমুখ।

চাল ব্যবসায়ীরা সভায় খাদ্যমন্ত্রীকে জানান, গত ১৫ দিন আগে তারা চালকলগুলো থেকে ৫০ কেজির এক বস্তা মিনিকেট চাল ২ হাজার ৫৫৫ টাকায় কিনেছেন।

যদিও সভার শেষ দিকে এসে খাদ্যমন্ত্রী ৫০ কেজি ওজনের এক বস্তা মিনিকেট চালের দাম ২ হাজার ৬০০ টাকা এবং আটাশ চালের দাম ২ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে দেন। কিন্তু চাল ব্যবসায়ীদের আপত্তির মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে খাদ্যমন্ত্রী ১৫ দিন আগের দামে চাল বিক্রির নির্দেশ দিয়ে সভা শেষ করেন।

আরও পড়ুন: বাংলাদেশের কৃষি খাতে সহযোগিতার আশ্বাস তুরস্কের

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম ১৫ দিন আগে যা ছিল সে দামেই পুরো অক্টোবর বিক্রি করতে হবে। কোনোভাবেই এ মাসে আর চালের দাম বাড়ানো যাবে। গত এক সপ্তাহে যে পরিমাণ দাম বেড়েছে তা কমিয়ে আনতে হবে।

১৫ দিন আগের দামে চাল বিক্রির নির্দেশ খাদ্যমন্ত্রীর শিরোনামে লেখাটি যুগান্তর থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি