নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের ৫ বিভাগের একাধিক স্থানে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোথাও কোথাও ভারী বর্ষণ হতে হতে পারে। সারাদেশে কমতে পারে তাপমাত্রা।

আজ সোমবার (২ আগষ্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস বিশ্লেষণ করে এসব তথ্য উঠে এসেছে। আবহাওয়াবিদ মুহাম্মদ আরিফ হোসেন জানান, দেশে আজও গত কয়েকদিনের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিনদিনের মধ্যে শেষ দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়া। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সৈয়দপুরে ১৭৩ মি.মি.। এছাড়া দেশের বগুড়া, কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়াসহ বিভিন্ন স্থানে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

৫ বিভাগের একাধিক স্থানে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি শিরোনামের সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক আপনার এলাকার কৃষিসহ আবহাওয়ার যে কোনো তথ্য আমাদের জানাতে পারেন। আমরা তা তুলে ধরবো।