নিজস্ব প্রতিবেদক: আজ সারাদিন দেশের ৮ বিভাগের একাধিক স্থানে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকায় মেঘলা আকাশসহ দুপুরের দিকে বৃষ্টি নামতে পারে। সারাদেশের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার (১০ আগষ্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিনদিনের শেষ দিকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্রগ্রাম এবং সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী তিনদিনে শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।