হাবিপ্রবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পক্ষ থেকে বিনামূল্যে কৃষকদের আধুনিক পদ্ধতিতে শীতকালীন ফসলের পরিচর্যা বিষয়ে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) হাবিপ্রবি এর ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আই.আর.টি.) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী এলাকার কৃষকদের নিয়ে  ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা  শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র সেমিনার কক্ষে আধুনিক পদ্ধতিতে শীতকালীন ফসলের পরিচর্যা শীর্ষক কর্মশালায় রাণীগঞ্জ, কর্ণাই, মাদ্রাসাপাড়া, সুবড়া, মহাবলীপুর, চাঁদগঞ্জ, শিবপুর, আমাইর, গোপালগঞ্জ ও শেখপুরা’র  কৃষকরা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  এ কর্মশালার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, কৃষকদের পরিশ্রমের ফলস্বরূপ আজ বিশ্বের  প্রায় ২৭টি দেশে সবজি রপ্তানী করছে বাংলাদেশ। মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের ৪র্থ অবস্থানে আছে।

আই. আর. টি. পরিচালক অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সফিউল আলমসহ সিনিয়র শিক্ষক উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮