এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক, বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে পিএইচডি ডিগ্রী পাওয়া ৩৬ জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পিএইচডিএসএ) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে তাদের সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে পিএইচডিএসএ’র সভাপতি এ.বি.এম. শহীদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং পিএইচডিএসএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান ও  সম্মানিত অতিথি হিসেবে উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. লুৎফুল হাসান উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে পিএইচডি ডিগ্রীপ্রাপ্তদের মধ্যে বক্তব্য দেন ড. মেহেদী মাসুদ, প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান,ড. জাকির হোসেন, ড.শরিফুন্নেছা মুনমুন।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত ৬৭৮ জন পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন এবং বর্তমানে ৩৪৩ জন পিএইচডি ফেলো হিসাবে অধ্যয়ন করছেন। এই গবেষকদের গবেষণা ও নিরলস পরিশ্রমের কারণে এই বিশ্ববিদ্যালয় যেমন এগিয়ে যাচ্ছে তেমনি সমৃদ্ধ হচ্ছে দেশের কৃষি ক্ষেত্র।                                                                                             

বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতর এর পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এগ্রিকেয়ার২৪.কম এসব তথ্য জানানো হয়।