
জ্যেষ্ঠ প্রতিবেদক: চলতি মাস ফেব্রুয়ারির শেষ দিকে ঝড়ো হাওয়াসহ শীলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এ মাসে অপেক্ষাকৃত বৃষ্টিপাতের পরিমাণও কম থাকবে।
আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এক মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পর্যালোচনায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ শ ম সজিব হোসেন বলেন, এ মাসের শেষ দিকে শীতের দাপট কমে যাবে। তবে শেষ দিকে বজ্রঝড়সহ শীলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নদনদীর প্রবাহ স্বাভাবিক থাকবে। তবে আবহাওয়ার যে কোন বিষয় পরিবর্তন হতে পারে।
প্রতি মাসেই দীর্ঘমেয়াদী আবহওয়া পর্যালোচনা তৈরি করা হয়। চলমি মাসে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়েছে, গত জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে ৯৭ দশমিক ৭ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে।
আর ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, স্বাভাবিকেরে চেয়ে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে। এখানে স্বাভাবিক বৃষ্টিপাত বলতে প্রত্যেক বিভাগের জন্যে আলাদা আলাদা করে বোঝানো হয়। যেমন ঢাকাতে ৩১ মি.মি., ময়মনসিংহে ২২ মি.মি., চট্টগ্রামে ২৪ মি.মি., সিলেটে ৩৪ মি.মি., রাজশাহী ১৮ মি.মি., রংপুরে ১০ মি.মি., খুলনা ৩৩ মি.মি. এবং বরিশালে ২৭ মি.মি. বৃষ্টিপাতকে স্বাভাবিক বৃষ্টিপাত বলা হয়।
এদিকে কৃষি আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, বার্ষিক দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৭৫ মি.মি. থেকে ৩ দশমিক ৭৫ মি.মি. এ থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
যেসব অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে: রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, হাতিয়া, শ্রীমঙ্গল, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চল সমুহ।
ফেব্রুয়ারির শেষ দিকে ঝড়ো হাওয়াসহ শীলা বৃষ্টি শিরোনামের সংবাদটির তথ্য আবহাওয়া অফিস থেকে নিশ্চিত করা হয়েছে। পাঠক আপনার এলাকার আবহাওয়াসহ কৃষির যে কোন সংবাদ আমাদের পাঠাতে পারেন। আমরা তা তুলে ধরবো। এছাড়া ছবিও পাঠাতে পারেন আমরা আপনার নাম দিয়ে পাঠকের কাছে তুলে ধরা হবে।
























