নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) নতুন মহাপরিচালক হিসাবে যোগ দিয়েছেন ড. মো. আবদুল জলিল।

গত বৃহস্পতিবার (৪ মার্চ ২০২১) প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সাবেক মহাপরিচালক ড. নাথু রাম সরকারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে নতুন মহাপরিচালক হিসাবে ড. মো. আবদুল জলিলকে বরণ করে নেওয়া হয়।

এর আগে ড. জলিল বিএলআরআই-এর প্রাণী উৎপাদন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। নতুন ডিজি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এমএসসি সম্পন্ন করে ১৯৯১ সালের ১ আগস্ট কর্মজীবন শুরু করেন। ২০১৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিদায়ী মহাপরিচালক ড. নাথু রাম সরকারের প্রসঙ্গে নব-নিযুক্ত মহাপরিচালক ড. মোঃ আবদুল জলিল তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই আয়োজন বিদায় অনুষ্ঠান নয়, আনুষ্ঠানিকতা মাত্র। ড. নাথু রাম সরকার অত্যন্ত সফলতার সাথে তাঁর দীর্ঘ ত্রিশ বছরের কর্মজীবন অতিবাহিত করেছেন। বিদায় বেলাতেও তিনি ৪১ জন কর্মকর্তার পদোন্নতির ব্যবস্থা করে গেছেন, যা ইতোপূর্বে আর কেউ দিতে পারেননি। তিনি একজন ভদ্র, উদার ও বড় মন-মানসিকতার মানুষ। মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিই প্রমাণ করে জাতীয় ক্ষেত্রে তাঁর অবদান কতটুকু।”

বিএলআরআই এর অতিরিক্ত পরিচালক জনাব মোঃ আজহারুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রাণিসম্পদ-২) জনাব শাহ্ মোঃ ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব (প্রাণিসম্পদ-২) ড. অমিতাভ চক্রবর্ত্তী, বিএলআরআই এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রকল্প পরিচালকগণসহ সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীগণ।

বিদায়ী মহাপরিচালক এর উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ড. শাকিলা ফারুক। এছাড়াও অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালকের উদ্দেশ্যে স্মৃতিচারণ করেন বিভিন্ন পর্যায়ের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ। এসময় বক্তারা তাঁর উদ্ভাবনী কৃতিত্ব, কর্মকুশলতা, ক্ষমাশীলতা, ভদ্রতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর সুনাম, ব্যক্তিগত অভিজ্ঞতা ইত্যাদি নানা বিষয় তুলে ধরেন।

এগ্রিকেয়ার/এমএইচ