
নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ অধিকাংশ স্থানে মাঝারি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারাদেশের তাপমাত্রার খুব বেশি তারতম্য দেখা না পাওয়ার সম্ভাবনা আছে।
আজ বুধবার (২২ সেপ্টেম্বর) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার তথ্যে এমনটি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজও সারাদেশে মেঘলা আকাশের সাথে রোদ ও বৃষ্টি দেখা দিতে পারে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
তিনি আরও জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে দেশের অনেক স্থানে মাঝেমধ্যেই বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে।
আগামী ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের তথ্যে আবহাওয়া অফিস জানায়, খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৩৫ দশমকি ৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামী তিনদিনের বৃষ্টির পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ভোলায় ২১ মি.মি.। ঢাকায় বৃষ্টি হয়েছে সামান্য। ঢাকাসহ অধিকাংশ স্থানে মাঝারি ভারী বর্ষণের সম্ভাবনা শিরোনামের সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতিসহ কৃষির যে কোনো বিষয়ে আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা তা তুলে ধরবো।
























