
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁর সাপাহারে রাতের আধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছে কবুতর, ঘুঘু, বাজপাখিসহ বিভিন্ন পাখি। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (১৬ মার্চ) ভোর রাতে উপজেলার তিলনা ইউনিয়নের ছোটমামুরিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খামার মালিক মতিউর রহমান জানান, বুধবার ভোর পৌনে ৪টার দিকে কে, বা কারা তার খামারে আগুন লাগিয়ে দেয়। এসময় স্থানীয় লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থলে এসে ভয়াবহ আগুন দেখতে পাই। তাৎক্ষণিক স্থানীয় লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হই।
পড়তে পারেন: শত্রুতার জেরে খামারে আগুন, পুড়ে গেছে ১৮ গাভী
তিনি বলেন, আগুনে ফেন্সি ও বিভিন্ন প্রজাতির ৩৫০টি বড় কবুতর, ১৫০টি কবুতরের বাচ্চা, ১০০পিস কবুতরের ডিম, ১০০টি বিদেশি বাজরিকা পাখি, বিভিন্ন প্রজাতির ২৪টি বিদেশি ঘুঘু, খামারের ক্যাশবক্সে থাকা নগদ ৫২ হাজার টাকা, আসবাবপত্র, পাখির খাঁচা, পাখির খাদ্যসামগ্রী পুড়ে গেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, তদন্তের জন্য ফায়ার সার্ভিসকে বলা হয়েছে। এঘটনায় সাপাহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে থানায় কেউ মামলা দেয়নি বলেও জানান তিনি।
এগ্রিকেয়ার/এমএইচ
























