
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ব্রাজিল সরকার বাংলাদেশের প্রানিসম্পদখাতে কারিগরিসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য বাংলাদেশস্থ ব্রাজিলের রাষ্ট্রদূত Joao Tabajara এর মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এর কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব হস্তান্তর করেছেন।
নারায়ন চন্দ্র চন্দ ব্রাজিলের প্রস্তাবটি গ্রহণ করেন এবং মন্ত্রণালয়ের মাধ্যমে এটি পরীক্ষানিরীক্ষার পর নিজেদের মতামত জানানোর আশ্বাস দেন। তিনি সম্প্রতি বাংলাদেশের মাছ ও মাংসে স্বয়ম্ভরতা অর্জনের কথা উল্লেখ করে বাংলাদেশের অগ্রগতিসহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
রাষ্ট্রদূত ব্রাজিলের হালাল মাংস আরববিশ্বসহ বিশ্বে ব্যাপকভাবে রপ্তানীর কথা উল্লেখ করে বাংলাদেশের প্রাণিখাতের সার্বিক অবস্থাসম্পর্কে অবহিত হন। উভয়পক্ষ একটি সমঝোতাস্মারক স্বাক্ষরের ব্যাপারেও আগ্রহপ্রকাশ করেন। রাষ্ট্রদূত মন্ত্রীকে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানান।
মন্ত্রীর দফতরে অনুষ্ঠিত সভায় সচিব রইছউল মণ্ডল, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি মোঃ আইনুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ব্রাজিলের দূতাবাসের মিশনপ্রধান Julio Cesar Silva, কাউন্সেলর Milton de F. Coutinho Filho ছাড়াও বাংলাদেশের Ibratas Trading Company এর পরিচালক গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মোঃ শাহ আলম এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
























